বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আজ বৃহস্পতিবার থেকে আনোয়ারায় ২ দিনব্যাপী ‘জিনরতন মহাস্থবির’ বরণোৎসব

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ
আজ বৃহস্পতিবার থেকে আনোয়ারায় ২ দিনব্যাপী ‘জিনরতন মহাস্থবির’  বরণোৎসব

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আজ বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী) থেকে দুই দিনব্যাপী আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী পুনঃনির্মিত তালসরা আনন্দরাম বিহার উৎসর্গ ও ধর্মদূত জিনরতন স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসব শুরু হচ্ছে।

তালসরা আনন্দরাম বিহারসংলগ্ন মাঠে দুই দিনব্যাপী বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা। প্রথম দিনের অনুষ্ঠানে রয়েছে শান্তি শোভাযাত্রা ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন।

এদিন সকালে সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং। 

এ ছাড়া অনুষ্ঠানে উদ্বোধক প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত জিনানন্দ মহাথের। 

এদিন বিকালে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তালসরা মুৎসুদ্দিপাড়া বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী শাসনমিত্র মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্মৃতিভাস্বর শীলভদ্র মহাথের।

দ্বিতীয় দিন মহাস্থবির বরণোৎসব অনুষ্ঠানে সংঘরাজ অজ্ঞমহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। ধর্মীয় আলোচনায় অংশ নেবেন দেশ ও বিদেশের খ্যাতিমান বৌদ্ধ ভিক্ষুরা। 

জিনরতন স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের সভাপতি ধর্মমিত্র মহাস্থবির বলেন, আমরা দুই দিনব্যাপী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এই অনুষ্ঠানে দেশ ও বিদেশের খ্যাতিমান বৌদ্ধ ভিক্ষুরা আসবেন। এ ছাড়া বৌদ্ধ মহাসম্মেলন হাজারেরও বেশি পুণ্যার্থী অংশগ্রহণ করবেন। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares