বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘আজ বাংলাদেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে’

প্রকাশ: ৯ মার্চ ২০২৩ | ১:২৬ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২৩ | ১:২৬ অপরাহ্ণ
‘আজ বাংলাদেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আজ বাংলাদেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমরা এতদিন উন্নয়নের গালগল্প শুনেছি, আমরা নাকি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ তথা আমেরিকা-সিঙ্গাপুর হয়ে গেছি। গত কয়েকদিন আগে জাতিসংঘ থেকে স্বল্প উন্নত দেশের যে তালিকা প্রণয়ন করা হয়েছে, ৪৩ দেশের মধ্যে বাংলাদেশর নাম এসেছে, যা আমদের জন্য লজ্জাজনক।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’কে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার ( ৯ মার্চ) বিকালে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি নগরের কাজীর দেউড়ী কাঁচা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর আহমদ সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সারা পৃথিবীর কাছে আওয়ামীলীগ একটি দেউলিয়া আর উলঙ্গ রাজনৈতিক দল হিসেবে আর মিথ্যাবাদী রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হয়েছে। প্রতি মুহূর্তে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কষাঘাতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। শাসকগোষ্ঠী উন্নয়নের জিকির করে বাংলাদেশ থেকে গত ১৪ বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

প্রতিবাদ সমাবেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ফ্যাসিষ্ট কর্তৃত্ববাদী সরকারের দু:শাসনে ও নিষ্ঠুর হিংস্রতায় গ্যাস বিদ্যুৎসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ হাবুডুবু খাচ্ছে। গণতান্ত্রিক শক্তির উপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররূপে আবির্ভূত হয়েছে। যার জ্বলন্ত উদাহরণ বিনা ওয়ারেন্টে আব্দুল মোনায়েম মুন্নার গ্রেফতার। গোটা দেশটাই আজ আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়েম মুন্না যুব সমাজের অহংকার। এক মুন্নাকে হাসিনার বন্দিশালায় আটক রেখে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন সারাদেশের যুবদলের হাজারো মুন্না দু:স্বপ্নে পরিণত করবে। তিনি অবিলম্বে মুন্নাসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তির দাবী জানান।

প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে নগর যুবদলের সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, সাহাবুদ্দিন হাসান বাবু, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, অরূপ বড়–য়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares