নিজস্ব প্রতিবেদক
বিএনপির বিভাগীয় সমাবেশের পর এবার চট্টগ্রাম পলোগ্রাউন্ডের মাঠে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আগামী ৪ ডিসেম্বর এই জনসভায় স্বয়ং দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা যায়, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ১ ডিসেম্বর ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয় । এইদিন চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর ১৫ থানা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির আহ্বায়ক এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ উপজেলার সাংগঠনিক কমিটির আহবায়কদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পৃথক পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মহানগরের নেতাদের সাথে আলোচনার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলাও একই ভেন্যুতে সম্মেলন করতে চেষ্টা করবে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
