নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা সরাতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ।এরমধ্যে পাহাড়ি ছড়া দখল করায় এক ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে নগরের বায়েজিদ বাইপাস সড়কের পাশের পাহাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। উচ্ছেদের শুরুতেই স্কেভেটর দিয়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এদিকে দুপুরে নগরের ছিন্নমূল বড়ইতলী এলাকায় পাহাড়ি ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে এক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই জায়গায় থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, ওই জায়গায় একটা কালভার্ট ছিলো।কার্লভাটের নিচ দিয়ে পাহাড়ি ছড়ার পানি নেমে যেতো। কিন্তু কোনো রকম অনুমতি ছাড়াই মাটি ভরাট করে ছড়ার অনেকটুকু অংশ দখল করে নিয়েছে এক ব্যক্তি। যার কারণে বর্ষায় পানি জমে জলাবদ্ধতায় মানুষকে কষ্ট পেতে হচ্ছে। প্রাকৃতিক ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করা ওই দখলদারকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা চৌধুরী বলেন, সকাল থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরমধ্যে একজনকে৷ ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
