বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অনুষ্ঠানে  গেলেই যে জড়িত থাকবে সেটা বলা যায়?— তারকাদের প্রসঙ্গে আইজিপি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩ | ৬:১৫ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২৩ | ৬:১৫ অপরাহ্ণ
অনুষ্ঠানে  গেলেই যে জড়িত থাকবে সেটা বলা যায়?— তারকাদের প্রসঙ্গে আইজিপি

অনুষ্ঠানে  গেলেই যে জড়িত থাকবে সেটা বলা যায়?— তারকাদের প্রসঙ্গে আইজিপি

সাম্পান ডেস্ক :

এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এসময় তিনি বলেন,  একজন একটা অনুষ্ঠানে গেলেই যে সে জড়িত থাকবে তা কি ঠিক বলা যায়?  অনেক সময় দেখা যায় তারকারা বিজ্ঞাপনে যায়। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

দুবাইয়ে পুলিশ খুনের আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ক্রিকেটার সাকিব আল হাসানসহ বিনোদন জগতের কয়েকজন তারকা যোগ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সোমবার (২০ মার্চ) দুপুরে নগরের নন্দনকানন এলাকায় এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেন।

জবাবে আব্দুল্লাহ আল-মামুন বলেন, কী কারণে তারকারা সেখানে গেছেন, তারকাদের সাথে দেখা হলে তারা সেটা আপনাদের (সাংবাদিকদের) নিশ্চয়ই বলবেন। আমরাও খবর নিবো। তারা আসুক, আসার পর কথা বলে আমরা জেনে নিব।

আরাভ খানের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে আইজিপি বলেন, এটা আমরা খতিয়ে দেখছি। তদন্তের খাতিরে আপনাদেরকে এখন সবটা বলা যাচ্ছে না।

সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে আরাভের একটি স্বর্ণের  দোকান উদ্বোধন হয়েছে। সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে উড়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী ফারদিন দীঘি, ইউটিউবার হিরো আলমসহ বিনোদন জগতের আরও কয়েকজন। এ নিয়ে শুরু হয় বেশ সমালোচনা।

তারকাকে ডেকে নিয়ে আলোচনায় আসা আরাভ খানের বিরুদ্ধে ‘রেড নোটিস’ জারি করতে ইন্টারপোলে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। তবে চিঠিতে আরাব খান নয়, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলায় আসামির যে নাম আছে অর্থাৎ ‘রবিউল ইসলামের’ নামটি দেয়া হয়।

এ প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, যে নামে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছি, সে নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে বলেছি। শুনেছি তারা সেটা একসেপ্ট করেছে।

আরাভ খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় আরাভ বা রবিউলের বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেছে ৯টি। তবে মামলার সংখ্যা আরও বেশি। মামুন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০২১ সালের ২ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচার ফয়সল আতিক বিন কাদেরের কাছে প্রতিবেদন জমা দেন। সেখানে রবিউল ইসলামসহ ১০ জনকে আসামি করা হয়।

পুলিশ বলছে, রবিউল ভারতের পাসপোর্টে ‘আরাভ খান’ নামে দুবাইয়ে পারি জামিয়েছেন। এই আরাভ বা রবিউল একেক সময় একেক নামে পরিচিতি পেয়েছেন।

সম্প্রতি গাজীপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে মন্তব্য করে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবিষয়ে বলেন, আপনারা জেনেছেন উনি জামিন পেয়েছেন। আমি এটুকু বলতে পারি যেহেতু মামলা হয়েছে, কারও প্রতি কোনো অন্যায় হবে না। এটা আমরা নিশ্চিত করব।

রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনি ও অপহরণ বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কক্সবাজার জেলা পুলিশ, এপিবিএন, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রিপলআরসি সবাই মিলে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা বিঘ্নকারী প্রত্যেক্যের বিরুদ্ধে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares