নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে গণসংযোগকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার কখনও দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করতে পারে না। এটি বারবার প্রমাণিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন। পরে নিউমুরিং তকতারপুল এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে মানুষের আস্থা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওপর ছিল। বিএনপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। জনগণের প্রত্যাশা হলো দেশে একটি নির্বাচিত সরকার আসুক, মানুষ তাদের মালিকানা ও ভোটাধিকার ফিরে পাক এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে গিয়ে জনগণের কথা বলুক।
তিনি আরও বলেন, গণতন্ত্রবিরোধী শক্তি, যাদের জনগণের ওপর আস্থা নেই, তারাই নির্বাচন চায় না। কিন্তু দেশের মানুষ নির্বাচন চায়। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায় মানুষ।
আমির খসরু বলেন, এখন ‘১১ তে ১১’ এই স্লোগান সামনে রেখে ১১টি আসনে ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে ১২০০ শয্যার হাসপাতাল স্থাপন, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার গড়ে তোলা, আইটি খাতের উন্নয়ন, পানির সমস্যা সমাধানসহ আরও কিছু বিষয়। এসব বাস্তবায়নে ইনশাল্লাহ কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রহা
